মাকসুদ আহমাদ রবিন:- গাজীপুরের টঙ্গীতে হানি ট্র্যাপের মাধ্যমে এক যুবককে ফাঁদে ফেলে মারধর, জিম্মি করে নগদ টাকা আদায় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার মামলা নং-৩২, তারিখ ১৮ জুন ২০২৬ অনুযায়ী, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় ভুক্তভোগী সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে এক নারী সদস্যের মাধ্যমে কৌশলে ডেকে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, সেখানে পৌঁছানোর পর সংঘবদ্ধ চক্রের সদস্যরা তাদের একটি কক্ষে আটকে রেখে মারধর করে এবং প্রাণনাশের ভয় দেখিয়ে টাকা দাবি করে। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করলে পেনাল কোডের ৩৬৫, ৩২৪, ৩৮৫ ও ৩৮৬ ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তে নেমে এসআই (নিরস্ত্র) এসএম মেহেদী হাসান তথ্যপ্রযুক্তির সহায়তা ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, অভিযানে ঘটনার সঙ্গে জড়িত পাঁচ সদস্যের হানি ট্র্যাপ চক্রের মধ্যে দুই নারী ও এক পুরুষ সদস্যকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা হয়নি। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের সক্রিয় সদস্য। তারা এর আগেও একই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে মামলার তদন্ত চলমান রয়েছে।
Leave a Reply