মাকসুদ আহমাদ রবিন:- ৫ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আবদুল মোনায়েম (মুন্না) সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম (নয়ন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
নতুন ঘোষিত কমিটিতে পুরোনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছে বিএনপি। এর মধ্যে গাজীপুরের কৃতী যুবনেতা সাজেদুল ইসলামকে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় গাজীপুর জেলা ও মহানগর যুবদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম এবং তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে সাজেদুল ইসলাম কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাঁর এই পদোন্নতি গাজীপুরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
কমিটিতে রেজাউল কবীর (পল) সিনিয়র সহ-সভাপতি, বিল্লাল হোসেন তারেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া ২৯ জন সহ-সভাপতি, ২৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ২৩ জন সহ-সাধারণ সম্পাদক, ১২ জন সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৫ জন আইনবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না বর্তমানে পবিত্র হজ পালন উপলক্ষে সৌদি আরবে অবস্থান করছেন। কমিটি ঘোষণার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘পুরোনোদের অভিজ্ঞতা, আস্থা ও বিশ্বাসের মূল্যায়ন হয়েছে। আমরা সেই আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব এবং যুবদলকে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলব।
নতুন কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে আল মেহেদী তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে আমিনুর রহমান আমিন, কোষাধ্যক্ষ হিসেবে রোকনুজ্জামান রোকন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে ইমরান আহমেদ প্রিন্স এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে কে এস এম মুসাব্বির শাফী দায়িত্ব পেয়েছেন। এছাড়া কৃষি, শ্রম, সমাজকল্যাণ, ক্রীড়া, স্বাস্থ্য, পরিবেশ, মানবাধিকার, আন্তর্জাতিক বিষয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পাদকীয় পদে নেতাদের মনোনয়ন দেওয়া হয়েছে।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই ১৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও তৃণমূলমুখী করতে কাজ করবে। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলকে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য প্রস্তুত করা হবে।
এদিকে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় গাজীপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সাজেদুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি যুবদলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি গাজীপুরের রাজনৈতিক নেতৃত্বকে জাতীয় পর্যায়ে আরও শক্তিশালীভাবে উপস্থাপন করবেন।
Leave a Reply