মাকসুদ আহমাদ রবিন:- গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম।
সভায় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান নির্বাহী কর্মকর্তার স্টাফ অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. সোহেল রানা, ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন, বিভিন্ন অঞ্চলের নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং ওয়ার্ড সচিবরা।
সভায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, জলাবদ্ধতা নিরসন, মশকনাশক ওষুধ ছিটানোর কার্যক্রম আরও জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Leave a Reply