সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

প্রাইভেট শিক্ষায় স্বীকৃতি চান -ড. আব্দুর রব

মাকসুদ আহমাদ রবিন:- শুক্রবার (১ মে) বিকেলে টঙ্গীর তিস্তা গেট এলাকায় অবস্থিত ইউনাইটেড মডেল অ্যাকাডেমি মিলনায়তনে গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন একটি আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রব। তিনি বলেন, দেশের মানবসম্পদ উন্নয়নে প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনো তারা প্রয়োজনীয় স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক সহায়তা থেকে বঞ্চিত।

তিনি আরও উল্লেখ করেন, পাবলিক ও প্রাইভেট শিক্ষার মধ্যে বিভাজন সৃষ্টি না করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করাই জাতি গঠনের জন্য অপরিহার্য। নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ড. আব্দুর রব নতুন প্রজন্মকে মাদক, অপসংস্কৃতি ও প্রযুক্তির অপব্যবহার থেকে রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশনের টঙ্গী পূর্ব থানার সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ এবং বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপ-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানার সভাপতি ও টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমানসহ শামীম আহমদ, মো. নাসির উদ্দিন, মো. মোসলেহ উদ্দীন রাজীব, মো. মতিউর রহমান ও মো. মোতাহার হোসেন প্রমুখ।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।