মাকসুদ আহমাদ রবিন:- গাজীপুর মহানগরীর টঙ্গীতে কথিত শীর্ষ মাদক কারবারি আফরিনা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও ৪৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ব্যাংকের মাঠ এলাকায় আফরিনা বেগমের নিয়ন্ত্রণাধীন একটি ঘর থেকে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তার একাধিক স্থাপনা এবং গোপালপুর এলাকায় মাদকের অর্থে নির্মিত বলে অভিযোগ থাকা ছয়তলা ভবনে তল্লাশি চালিয়ে ১১ পুরিয়া গাঁজা, ইয়াবা, চার লিটার চোলাই মদ, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, ৪৬টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৩৯ হাজার টাকা জব্দ করা হয়।
অভিযানের সময় ওই ভবনের এক ভাড়াটিয়া, মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান, স্বামীর সঙ্গে অভিমান করে আফরিনা বেগমের বাসায় এসে ইয়াবা সেবন করছিলেন।
স্থানীয়দের অভিযোগ, আফরিনা বেগম দীর্ঘদিন ধরে ব্যাংকের মাঠ এলাকার সিলিন্ডার গ্যাস ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে এতদিন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে ছিলেন।
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি, মাদকসেবী বা মাদকের গডফাদার আইনের ঊর্ধ্বে নয়।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে।
Leave a Reply