মাকসুদ আহমাদ রবিন:- গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নির্দেশনায় মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাসন থানার মোগরখাল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝটিকা মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি, উসকানিমূলক কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৩৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বাসন থানা ও সদর থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।
জিএমপি জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply