মাকসুদ আহমাদ রবিন:- গাজীপুর মহানগরীর টঙ্গীর মুদাফা পশ্চিমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৪ জুন) সকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা।
টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি আরও জানান, আগুনে প্রায় ২৫টি টিনশেড বসতঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে।
এদিকে, টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ঘটনাটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Leave a Reply