ট্রেনে উঠলেই যাত্রীদের একটি পরিচিত ভোগান্তির নাম—মোবাইল নেটওয়ার্কে হঠাৎ বাফারিং কিংবা পুরোপুরি সিগন্যাল হারিয়ে ফেলা। এতে গুরুত্বপূর্ণ ফোনকল বিচ্ছিন্ন হয়ে যায়, অনলাইনভিত্তিক কাজ থমকে দাঁড়ায়, এমনকি বিনোদনও হয়ে ওঠে বিরক্তির কারণ। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে এবার স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার দিকে এগোচ্ছে সরকার। গত ঈদুল ফিতরের আগে দেশের কয়েকটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগে ব্যাপক সাড়া মিলেছে যাত্রীদের। তাদের দাবি, সব আন্তঃনগর ট্রেনেই এই সেবা চালু হোক। যা আমলে নিয়ে এরইমধ্যে সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া জানানো হয়েছে।
শুধু ট্রেনেই নয়, ভবিষ্যতে বাস ও ফেরির যাত্রীদের জন্যও এই ধরনের স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৩ মার্চ দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে সরাসরি স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করা হয়। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এতে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে বিএসসিএল এবং সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
প্রাথমিক পর্যায়ে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস—এই তিনটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়। ট্রেনের প্রতিটি বগিতে কিউআর কোড সংযুক্ত করা হয়, যা স্ক্যান করে যাত্রীরা সহজেই ইন্টারনেট সংযোগে যুক্ত হতে পারেন। পুরো প্রক্রিয়াটি এমনভাবে সাজানো হয় যাতে কোনো জটিলতা ছাড়াই যাত্রীরা দ্রুত সংযোগ পেতে পারেন।
দেশের দুর্গম এলাকাতেও স্যাটেলাইট ইন্টারনেট পৌঁছে দিতে কাজ চলছে। এরইমধ্যে সীমান্তবর্তী অঞ্চল, হাওর এলাকা এবং নেটওয়ার্কবিহীন বিভিন্ন স্থানে মিলিয়ে ১১১টি পয়েন্টে এই সেবা চালু হয়েছে। যেখানে প্রচলিত ফাইবার অপটিক বা মোবাইল নেটওয়ার্ক স্থাপন করা কঠিন, সেখানে স্যাটেলাইট ইন্টারনেট কার্যকর বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে
পরীক্ষামূলক এই উদ্যোগে যাত্রীদের কাছ থেকে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তথ্য অনুযায়ী, এই তিনটি ট্রেনে ভ্রমণরত যাত্রীরা সম্মিলিতভাবে প্রায় ১১ টেরাবাইট ডেটা ব্যবহার করেছেন। ট্রেনের প্রতিটি বগিতে থাকা কিউআর কোড স্ক্যান করে যাত্রীরা সহজেই ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হতে পেরেছেন। কোনো জটিল সেট-আপ ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে সংযোগ পাওয়া গেছে বলে জানা গেছে। বিশেষ করে যেসব রুটে মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনিয়মিত, সেখানে এই সেবা কার্যকর বিকল্প হিসেবে দেখা দিয়েছে।
যাত্রীদের অভিজ্ঞতাতেও এর প্রতিফলন পাওয়া গেছে। ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসের যাত্রী রায়হান আহমেদ বলেন, ট্রেনে সাধারণত ইন্টারনেট ব্যবহারে নানা সমস্যা থাকে এবং সংযোগ অনিয়মিত হয়। তবে এই সেবা চালুর পর পুরো যাত্রাপথে তিনি নিরবচ্ছিন্নভাবে ইন্টারনেট ব্যবহার করতে পেরেছেন।

Leave a Reply