সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

বিআরটি সড়কে থামছে না প্রাণহানি, বাসচাপায় স্কুলছাত্র নিহত

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি (বাস র‌্যাপিড ট্রানজিট) করিডোরে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় গোলাম মোস্তফা (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে শিববাড়ি রোডের রওশন সড়ক সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মোস্তফা গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মোস্তাকিন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার মাঝের লেন অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্বজন, সহপাঠী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। একমাত্র সন্তানের এমন করুণ মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে আসে। সহপাঠী ও শিক্ষকদের অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

এ ঘটনার পর আবারও বিআরটি সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, টঙ্গী কলেজগেট থেকে জয়দেবপুর শিববাড়ি পর্যন্ত বিআরটি করিডোরের বিভিন্ন অংশে পথচারীদের নিরাপদ পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। দ্রুতগতির যানবাহনের মাঝখানে একাধিক লেন পার হতে গিয়ে প্রায়ই মানুষ জীবনঝুঁকিতে পড়ছেন।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে জরুরি ভিত্তিতে ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, সিগন্যাল নিয়ন্ত্রিত জেব্রা ক্রসিং, পর্যাপ্ত গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রয়োজনীয় প্রকৌশলগত পরিবর্তন আনা প্রয়োজন। একই সঙ্গে বিআরটি করিডোরের ঝুঁকিপূর্ণ অংশগুলো নতুন করে নিরাপত্তা মূল্যায়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, বিআরটি করিডোরে অতীতেও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় স্থানীয়রা বারবার নিরাপদ পারাপারের ব্যবস্থা জোরদারের দাবি জানিয়ে আসছেন। সাম্প্রতিক এই দুর্ঘটনার পর সেই দাবি আরও জোরালো হয়ে উঠেছে।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।