গাজীপুরে যুবলীগের ব্যানারে একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (২১ জুন) সকালে গাজীপুর মহানগরের বাসন থানার কলম্বিয়া গার্মেন্টস ও শাকিল এন্টারপ্রাইজ এলাকার সামনে থেকে ২০ থেকে ৩০ জনের একটি দল মিছিল বের করে। এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবলীগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বহন করা ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।’ ব্যানারের নিচে ‘গাজীপুর মহানগর যুবলীগ’ লেখা ছিল। এছাড়া ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলটি গাছা এলাকার দিকে অগ্রসর হওয়ার সময় বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছিল। একপর্যায়ে মহাসড়কের বিপরীত দিক থেকে কয়েকজন পুলিশ সদস্য এগিয়ে এলে মিছিলে অংশ নেওয়া কয়েকজন তাঁদের উদ্দেশে উচ্চস্বরে হুমকিমূলক বক্তব্য দেন। ভিডিওতে তাঁদের বলতে শোনা যায়, “ওই, একটাও সামনে আসবি না। মাইরা ফালামু, মাইরা ফালামু।” একই সময় মিছিলকারীরা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিতে থাকেন।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি পুলিশ পর্যবেক্ষণ করেছে। তবে এটি আজকের ঘটনার ভিডিও নাকি পূর্বের কোনো ঘটনার, তা যাচাই-বাছাই করা হচ্ছে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সকালে একটি মিছিল হওয়ার তথ্য পুলিশ পেয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কাজ চলছে।
Leave a Reply