সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

অস্ট্রিয়ার বিরুদ্ধে নামছেন মেসি, ভাঙতে পারেন একাধিক রেকর্ড

চলমান বিশ্বকাপে অংশ নিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। সবচেয়ে বেশি সংখ্যক বিশ্বকাপ আসরে খেলার রেকর্ডে তিনি এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন। তবে রেকর্ডের খাতা সমৃদ্ধ করার কাজ এখানেই থামাননি আর্জেন্টাইন মহাতারকা। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি গড়েছেন আরও কয়েকটি অনন্য কীর্তি।

অস্ট্রিয়ার বিপক্ষে আগামী ম্যাচে মেসির সামনে অপেক্ষা করছে একাধিক রেকর্ড ভাঙার সুযোগ।

এর মধ্যে সবচেয়ে বড় অর্জন হতে পারে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন দখল করা। চলতি আসরের প্রথম ম্যাচে তিনবার জালের দেখা পাওয়ার পর বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এই সংখ্যায় তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। অস্ট্রিয়ার বিপক্ষে একটি গোল করলেই ১৭ গোল নিয়ে এককভাবে তালিকার শীর্ষে উঠে যাবেন মেসি।

ক্লোসার আরেকটি রেকর্ডও ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছি বিশ্বকাপে মেসির ১৬তম জয়, যা ক্লোসার জয়ের সংখ্যার সমান। এবারের আসরে আরেকটি ম্যাচ জিততে পারলেই বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলার হয়ে যাবেন তিনি।

এছাড়া বক্সের বাইরে থেকে সর্বোচ্চ গোল করার রেকর্ডও এখন মেসির নাগালের মধ্যে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের প্রথম গোলটি তিনি করেছিলেন দূরপাল্লার শটে। বিশ্বকাপে পেনাল্টি বক্সের বাইরে থেকে এখন পর্যন্ত তার গোলসংখ্যা পাঁচ, যা যৌথভাবে সর্বোচ্চ।

দীর্ঘদিন ধরে এই রেকর্ডের একক মালিক ছিলেন ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনো। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে অংশ নিয়ে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেছিলেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে আরেকটি দূরপাল্লার গোল করতে পারলে রিভেলিনোকেও ছাড়িয়ে যাবেন মেসি।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।