মাকসুদ আহমাদ রবিন:- গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ৩০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আরিচপুর এলাকার আশরাফ সেতু শপিং কমপ্লেক্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে জাল নোট বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার শিবনগর গ্রামের মৃত সামাদ বেপারির ছেলে মো. শাহিন আলম (৪৫) এবং টঙ্গী স্টেশন রোড এলাকার আক্কাস আলীর ছেলে মো. সোহেল (২৪)।
পরে তাদের দেহ তল্লাশি করে বিভিন্ন মূল্যমানের মোট ৫১টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ২০ হাজার ৩০০ টাকা। উদ্ধারকৃত জাল নোটগুলো জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-ক (খ) ধারায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জাল নোট চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি মহানগর এলাকায় জাল নোট, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান চলমান থাকবে।
Leave a Reply