সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

এক ম্যাচে তিন কীর্তি মেসির: হ্যাটট্রিক, ২০০তম ম্যাচ ও বিশ্বরেকর্ড

মাকসুদ আহমাদ রবিন:- বিশ্বকাপের মঞ্চে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ২০২৬ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার রেকর্ডেও ভাগ বসিয়েছেন তিনি।

ম্যাচের প্রথমার্ধে একটি গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। বিরতির পর আরও দুইবার জালের দেখা পেয়ে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। তার তৃতীয় গোলটি আসে ম্যাচের ৭৬তম মিনিটে। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৬-তে, যা ক্লোজার সমান। ফলে যৌথভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে আসেন আর্জেন্টাইন মহাতারকা।

হ্যাটট্রিক পূর্ণ করার পরপরই কোচ লিওনেল স্ক্যালোনি তাকে মাঠ থেকে তুলে নেন। তার পরিবর্তে মাঠে নামানো হয় তরুণ মিডফিল্ডার নিকো পাজকে। পুরো ম্যাচজুড়ে মেসির দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় তুলে নেয় আর্জেন্টিনা।

এদিন আরও একটি বিশেষ মাইলফলক স্পর্শ করেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে তার ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। এর মাধ্যমে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি বাদের আল-মুতাওয়ার পর আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা তৃতীয় ফুটবলার হিসেবে নাম লেখান তিনি।

শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসেও গড়েছেন অনন্য এক রেকর্ড। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপের ছয়টি ভিন্ন আসরে অংশ নেওয়া প্রথম ফুটবলার হিসেবে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

বিশ্বকাপে মেসির যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালের ১৬ জুন জার্মানি বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে। সেদিন বদলি হিসেবে মাঠে নেমে মাত্র ১৬ মিনিট খেলেই একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছিলেন তিনি। ঠিক দুই দশক পর একই দিনে বিশ্বকাপের মঞ্চে হ্যাটট্রিক, নতুন রেকর্ড এবং একাধিক মাইলফলক স্পর্শ করে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করলেন আরেকটি গৌরবময় অধ্যায়।

মেসির ঐতিহাসিক পারফরম্যান্সে বিশ্বকাপ অভিযানও দারুণভাবে শুরু করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।