গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও নগদ ৫৮ লাখ টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন আনোয়ার ও শাওন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী কলেজ গেট এলাকার মুক্তারবাড়ি রোডের একটি বহুতল ভবনের নিচতলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আনোয়ার ও শাওনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকা জব্দ করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দুই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে। তিনি জানান, তারা কোথা থেকে মাদক সংগ্রহ করতেন এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে মাদক চক্রের মূল হোতাদের শনাক্ত করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
Leave a Reply