সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

টঙ্গীতে ঔষধ ব্যবসায়ীদের সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার

মাকসুদ আহমাদ রবিন:- চলমান সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ২৩ এপ্রিল টঙ্গী পশ্চিম থানার সভাপতি মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ৫২ নং ওয়ার্ডের বিভিন্ন ফার্মেসি ও ঔষধ ব্যবসা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সমিতির নেতৃবৃন্দ স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং সংগঠনের কার্যক্রম, উদ্দেশ্য, অধিকার আদায়ের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে ব্যবসায়ীদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে—লাইসেন্সিং জটিলতা, বাজার ব্যবস্থাপনা, ভেজাল ওষুধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সম্মিলিত পদক্ষেপ জরুরি। এসব সমস্যা সমাধানে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। সেই লক্ষ্যেই প্রতিটি ঔষধ ব্যবসায়ীকে সমিতির আওতায় নিয়ে আসার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভাপতি মোঃ আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন,

“সংগঠন শক্তিশালী করতে সদস্য বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই টঙ্গীর প্রতিটি ঔষধ ব্যবসায়ী এই সমিতির সদস্য হোক। ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সমস্যার সমাধান সহজ হয় এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।”

তিনি আরও বলেন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমিতিকে একটি কার্যকর ও দায়িত্বশীল সংগঠন হিসেবে গড়ে তোলা হবে, যা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, মাকসুদ আহমাদ রবিন, মোঃ সিদ্দিকুর রহমান, ফরহাদ হোসেন, শহীদুল্লাহ সেলিমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ীরা এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং জানান, একটি শক্তিশালী ও সদস্যভিত্তিক সংগঠন থাকলে ব্যবসায়ীদের নানা সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনগুলোতেও বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে পুরো টঙ্গী এলাকায় একটি সুসংগঠিত ও কার্যকর ঔষধ ব্যবসায়ী নেটওয়ার্ক গড়ে তোলা যায়।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।