মাকসুদ আহমাদ রবিন: টঙ্গী ঔষধ ব্যবসায়ী সমিতির উদ্যোগে বি সি ডি এস টঙ্গী উপ শাখার সদস্য সংগ্রহের কাজ চলছে। সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম এবং সাবেক সভাপতি এম এ লতিফ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল টঙ্গীর ৫৪ নং ওয়ার্ডের কলেজ রোড ও খাঁ পাড়া রোড এলাকায় এ সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেন।
সদস্য সংগ্রহের সময় ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করা হয় এবং পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যবসায়ী সমাজের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং যেকোনো সমস্যা বা সংকটে সম্মিলিতভাবে তা মোকাবেলা করা।
সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, “আমরা চাই ব্যবসায়ী সমাজ সবসময় ঐক্যবদ্ধ থাকুক। কোনো সমস্যা দেখা দিলে সবাই একসাথে থেকে তা সমাধান করবো এবং প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতা গ্রহণ করবো।”
সাবেক সভাপতি এম এ লতিফ-ও একই বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এই গণসংযোগের অন্যতম উদ্দেশ্য।
এ সময় উপস্থিত ছিলেন রাফিজুল ইসলাম, নাসির উদ্দিন মাস্টার, মাকসুদ আহমাদ রবিন, মোঃ সিদ্দিকুর রহমান, ফরহাদ হোসেন, মোঃ কাননসহ সমিতির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা।
গণসংযোগ চলাকালে অংশগ্রহণকারীরা ব্যবসায়িক বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ সবাইকে সংগঠিত থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেন।
স্থানীয় ব্যবসায়ীদের মতে, এ ধরনের উদ্যোগ ব্যবসায়ী সমাজের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত শক্তি হিসেবে কাজ করবে। এ গণসংযোগ এখন থেকে ধারাবাহিক ভাবে পুরো টঙ্গীতে চালানো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দগণ।
Leave a Reply