সময় রূপান্তর

প্রতিটি মূহুর্তে নির্ভরযোগ্য সংবাদ

ট্রাকের সঙ্গে পর্যটক এক্সপ্রেসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত বগির ১০ দরজা

চট্টগ্রামের পটিয়ায় রেললাইনের পাশে পার্ক করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের একাধিক বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত চারটি দরজা খুলে মাটিতে পড়ে যায়। তবে কোনো যাত্রী হতাহত হননি।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৫১ মিনিটের দিকে পটিয়া স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার জাফর আলম বলেন, ‘আজ দুপুরে হঠাৎ কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন দোহাজারী স্টেশনে এসে থামে। এ সময় ট্রেনের চালক ও গার্ডের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, খরনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে টেনের ১০টি দরজার ক্ষতি হয়। তার মধ্যে চারটি খুলে মাটিতে পড়ে যায়। কিছু দরজা খুলে বগির সঙ্গে ঝুলে থাকতে দেখেছেন তিনি। পরে ট্রেনটি ২৫ মিনিট পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনটির গার্ড ওমর ফারুক বলেন, খরনা ও কাঞ্চননগর স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে একটি ট্রাক পার্কিং করার সময় এর পেছনের অংশের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ৫টি বগির ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়। ৪টি দরজা খুলে মাটিতে পড়ে যায়। তবে কোনো যাত্রী আহত হননি। প্রায় ২৫ মিনিট পর ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।